ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিলের আঘাতে শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়ানোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিলের আঘাতে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী। তারবাড়ী ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর গ্রামের জামাল মিয়ার ছেলে।

প্রান্ত জানান, ঢাকা থেকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহর বাইপাস পৈরতলা এলাকায় আসলে হঠাৎ করে একটি পাথরের ঢিল তার বাম চোখে লাগে। এসময় তার বাম চোখের ভ্রুর ওপর অংশ কেটে গেলে সে আহত হয়। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করার পর তার সহকর্মীরা তাকে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাখাওয়াত জানান, শিক্ষার্থীর বাম চোখে আঘাত লেগেছে। তাকে তিনটি সেলাই করে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন  পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল হক বলেন,  ‘আমরা ঘটনা সর্ম্পকে খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’