রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে মনোয়নপত্র জমা দিলেন বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার পরে রিটানিং কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোয়নপত্র জমা দেন।
ঊষাতন তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তিনি আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রেীয় কমিটির সহ-সভাপতি। গত জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে পারাজিত করেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। পার্বত্য অঞ্চলে তথা রাঙামাটিতে সব মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি বাজার রাখা ও শান্তি-শৃঙ্খলা বাজার রাখাও চেষ্টা করেছি এবং অনেকাংশে সফল হয়েছি। এখানে অনেক উন্নয়ন হয়েছে। আমি আশা করি, জনগণ এবারও আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘১১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়, এর মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (বুধবার) স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও শরৎ জ্যোতি চাকমা মনোনয়নপত্র জমা দেন।