লক্ষ্মীপুরের ৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন ৭ জন। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে সোমবার ও মঙ্গলবার তারা মনোনয়ন পাওয়ার চিঠি সংগ্রহ করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোট এলডিপির যুগ্ম-সম্পাদক ও চট্রগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ-রায়পুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
লক্ষ্মীপুর-৩ (সদরের একাংশ-চন্দ্রগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাবু মনোনয়ন পেয়েছেন।
লক্ষ্মীপুর-৪ ( রামগতি ও কমলনগর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিউল বারী বাবু।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, ‘দলীয় কৌশল হিসেবে একটি আসনে দু’জন করে মনোনয়ন দেওয়া হয়েছে। দল থেকে চূড়ান্ত মনোনয়ন যাকে দেওয়া হবে, দলের সব নেতাকর্মী আন্দোলনের অংশ হিসেবে ধানের শীষে ভোট করবে।’