উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম

 

খাগড়াছড়িখাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে বিএনপির তিনজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন শহিদুল ইসলাম ভূঁইয়া, তার আপন চাচা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

জানা গেছে, চাচা ওয়াদুদ ভূঁইয়ার সাজা স্থগিতের আবেদন আদালত খারিজ করে দেওয়ায় এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য পদত্যাগ করেছেন ভাইপো শহিদুল ইসলাম। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন শহিদুল ইসলাম।