বিজিবি সূত্রে জানা গেছে, ১৩ সদস্যের বিজিবি দলটি স্পিডবোটে করে টেকনাফ সদর চৌকির জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হবে। মিয়ানমারের মোংডু ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে দেশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হটেন লিনেন। বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৭ জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেওয়া কথা রয়েছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৭ বাংলাদেশিকে আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। কারাভোগ শেষ হওয়া তাদের স্বদেশে ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি। অবেশেষে কাল (বুধবার) উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিয়ে আসার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিনিধি দলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিও সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।’