সিএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী মাসুদ কামালকে (৩৮)২টি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার নেহাল বিল্ডিং’য়ের পাঁচ তলা থেকে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক এ তথ্য জানিয়েছেন। বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গ্রেফতার সন্ত্রাসী মাসুদ কামাল বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন নাচনা পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তার নামে হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে৷
সংবাদ সম্মেলনে বিজয় বসাক বলেন, মাসুদ কামাল সিএমপির তালিকাভুক্ত একজন আসামি। সে দীর্ঘদিন ধরে ডোবারপার এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ সর্বমোট ১৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে আরও দুটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান মিজান, সহকারী পুলিশ কমিশনার সোহেল ও খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ. নাসির উদ্দিন।