একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে নগরীর বাইরের ১০ আসনে বিভিন্ন দলের ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে। এ আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে জেলার ১০টি আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ৮৪ জন। এর মধ্যে ১০ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে শেষমেশ একজন রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ায় ৮ জনের প্রার্থিতা রহিত হয়েছে। তাই চট্টগ্রামের এই ১০টি আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন ৬৬ জন প্রার্থী।’ জেলার এই ১০ আসনের বাইরে নগরীর ৬টি আসনে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর ৬টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ চলছে। আজ রাতের মধ্যে এই তালিকা সম্পন্ন করা হবে।’
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, এবার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৬ জন। এ আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ৮ জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেন একজন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে শেষমেশ একজন রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ায় একজনের প্রার্থিতা রহিত হয়েছে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে লড়বেন ৭ জন। এই আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ১১ জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেন একজন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে শেষমেশ একজন রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ায় ৩ জনের প্রার্থিতা রহিত হয়েছে।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৫ জন। এই আসনে বৈধভাবে মনোনীত প্রার্থী ছিলেন ৭ জন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে শেষমেশ একজন রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ায় ২ জনের প্রার্থিতা রহিত হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে লড়বেন ৩ জন।
চট্টগ্রাম-৭ (রাগুনিয়া) আসনে লড়বেন ৬ জন। এ আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ১০ জন। এর মধ্যে ৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে শেষমেশ একজন রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ায় একজনের প্রার্থিতা রহিত হয়েছে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৮ জন। এ আসনে বৈধভাবে মনোনীত প্রার্থী ছিল ১০ জন। এর মধ্যে একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন, অপরজন রাজনৈতিক চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় প্রার্থিতা রহিত হয়ে যায়।
চট্টগ্রাম-১৩ (আনোয়ার) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৮ জন। এই আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ৯ জন। এর মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৯ জন। এই আসনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা ছিল ১০ জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন একজন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৫ জন। এই আসনে বৈধভাবে প্রার্থী মনোনীত হয়েছিলেন ৬ জন। এর মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৯ জন। এ আসনে বৈধভাবে প্রার্থী মনোনীত হয়েছিলেন ১০ জন। এর মধ্যে একজন প্রার্থীতা প্রত্যাহার করেন।