কুমিল্লায় দুবাই থেকে ফেরা পর সড়ক দুর্ঘটনায় সহদরসহ তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজী আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০), তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং লক্ষীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত আব্দুল মান্নানের ভাতিজা সালাউদ্দিন (২৫), স্ত্রী হাসিনা বেগম (৩৪), মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং লক্ষীপুর চাটখিল উপজেলার পরকোট গ্রামের হারুনুর রশিদের ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ (২৮)।
মাইক্রোবাস চালক পারভেজ জানান, ভোরে মনোহরগঞ্জ থেকে তাদের নিয়ে বিমানবন্দর যাই। আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদের নিয়ে বাড়ি ফিরছিলাম। মহাসড়কের নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তিনজন নিহত হয়। মরদেহগুলো ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।