কোম্পানীগঞ্জে ১০ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নোয়াখালীনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে হক সাহেব (৩৮) নামে ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হক সাহেব ১০ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  

নিহত হক সাহেব কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘দুই ডাকাত দলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় হক সাহেব। রাতে টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘নিহত হক সাহেবের নামে ডাকাতি ও হত্যার অভিযোগসহ কোম্পানীগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।’