উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার




সুলতান মাহমুদ চৌধুরীকক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জালিয়াপালং পাইল্ল্যাসিয়া গ্রামের মাস্টার জামাল উদ্দিন চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, ‌‘এক পলাতক আসামি ওই এলাকায় অবস্থান করছে, এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ি, অফিস ভাংচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এই মামলায় সুলতান মাহমুদ চৌধুরী এজাহারভুক্ত ২ নম্বর আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।