বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারে পথসভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নিশ্চিত পরাজিত হবে জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে তারা (বিএনপি)। তারা এমন কিছু অভিযোগ তুলছে, যার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমরা আবারও ক্ষমতায় এলে প্রতি পরিবারে একজনকে চাকরি দেবো, ভূমিহীনদের কল্যাণে কাজ করবো।’
এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এ ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে আবারও নৌকায় ভোট চান তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা জনগণের সাড়া না পেয়ে ফেসবুকে ভিডিও পোস্টিংয়ের মাধ্যমে মায়াকান্না করছে। তারা বুঝে গেছে, জনগণ তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নয়। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ অনেকে উপস্থিত ছিলেন।