নৌকার গণজোয়ার দেখে বেসামাল হয়ে পড়েছে বিএনপি: ওবায়দুল কাদের

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করবে স্বাধীন নির্বাচন কমিশন। সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে। ড. কামাল হোসেন লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন।’

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশকে অন্ধকারে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, দেশ আবার অন্ধকারে ডুবে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলেছে নির্বাচনের দিন তারা ভোটকেন্দ্র পাহারা দেবে। আর আমরা ভোট গণনা পর্যন্ত কেন্দ্র রক্ষা করবো। নৌকার পক্ষে নারী ও তরুণদের ঢল নেমেছে। দেশের উন্নয়ন দেখে বিএনপির মনের জোর কমে গেছে। আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদের ভোট দেবে না। তাদের কথাবার্তা-হাবভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। দুর্নীতি, সন্ত্রাস ও খুন –এগুলো বিএনপির গুণ।’

এ সময় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. একেএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদ সদস্য আলা বক্স টিটু, কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজ উল্যা, চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন টিটুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।