চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মিসমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় জাতীয় পার্টির সূত্রগুলোর দাবি, এ ঘটনায় তাদের ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
গোলাগুলির এসময় সমাবেশে আটকা পড়েন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন।
মাহমুদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী চাম্বল বাজারে আমাদের সমাবেশ চলছিল। এসময় একই আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের অনুসারীরা সমাবেশ লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের এতে আমাদের ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন মন্তব্য করতে রাজি হননি। একাধিক বার তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করে ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন।
আহতদের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঁশখালীর গোলাগুলির ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৮টার পর তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১৪ জন গুলিবিদ্ধ, অন্যজন ছুরিকাঘাতে আহত ছিলেন। সবাই আশঙ্কামুক্ত।’
আহতদের মধ্যে কয়েকজনের নামও জানান তিনি। তারা হলেন– কপিল উদ্দীন, নুনু মিয়া, বৈলছড়ি হাসান, রশিদ, আজিজ আহমদ, আমিন শরিফ, রাসেল মাহমুদ।