রবের চারটি নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

 

লক্ষ্মীপুরে আ স ম রবের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগলক্ষ্মীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের কমলনগরের চারটি নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) নির্বাচনি কার্যালয়গুলোতে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দোষারোপ করা হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্যায়ভাবে বিএনপি ও জেএসডির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।

ভাঙচুর ও অগ্নিসংযোগে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার ও রহিমগঞ্জ বাজারের কার্যালয়, চর কাদিরা ইউনিয়নের রব বাজার ও ফজুমিয়ার হাট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে আটক নেতাকর্মীরা হলেন- আবদুজ জাহের, জাহাঙ্গীর আলম, নাছির, সাবীর আহাম্মদ মিয়া, আবদুস সহিদ ও খলিলুর রহমান। তারা বিএনপি ও জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত চিঠি দেওয়া হয়েছে।

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও ধানের শীষের পোলিং এজেন্ট অধ্যক্ষ আবদুল মোতালেব লিখিত অভিযোগে উল্লেখ করেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিনা পরোয়ানায় তাদের ছয় জন নেতাকর্মীকে আটক করে। পরে যুবলীগ ও ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী চারটি নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়াও তারা ধানের শীষের নেতাকর্মীদেরকে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়।

তবে এসব ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন কমলনগর উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক রাকিব হোসেন সোহেল। তিনি জানান, ‘ছাত্রলীগ এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত নয়। ছাত্রলীগের ওপর মিথ্যা দায়ভার চাপানোর চেষ্টা চালানো হচ্ছে।’

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককেও জানানো হবে বলে জানান তিনি।