সোনাগাজীতে চিকিৎসকের অবহেলার অভিযোগে হাসপাতাল ভাঙচুর

 ফেনী

ফেনীর সোনাগাজীতে চিকিৎসকের অবহেলায় মো. আদেল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। বুধবার বেলা ১১টায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত মো. আদিফ সোনাগাজী পৌরসভার তুলাতুলী গ্রামের মো. আদেলের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, আদিফকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে আমরা তাকে বাড়িতে নিয়ে যাই। এর কয়েক ঘণ্টা পর তাকে নড়াচাড়া করতে দেখে সোনাগাজী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সোনাগাজী ক্লিনিকের চিকিৎসক নুর উল্যাহ জানান, ক্লিনিকে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল আলম জানান, তার চিকিৎসার কোনও অবহেলা হয়নি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’