চট্টগ্রামে পেট্রোল বোমাসহ দুই বিএনপি নেতা আটক

02চট্টগ্রামে পেট্রোল বোমাসহ বিএনপির দুই নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

01আটক দুই বিএনপি নেতা হলেন, খুলশী থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ।

মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্য পেট্রোল বোমাগুলো নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’