কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মুল্য পাঁচ কোটি চল্লিশ লাখ টাকা। শুক্রবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তরপাড়া এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় একটি মৎস খামারের পরিত্যক্ত একটি ঘর থেকে এক লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।