লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষের ঘটনায় ৮৪ জনের নামে মামলা

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষলক্ষ্মীপুরে যুবলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহতের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৬০ জনকে অজ্ঞাত আাসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সদর থানার ওসি মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এসময় চার পুলিশসহ ৬ জন আহত হয়। ঘটনার পর যুবলীগ নেতা মাহাবুবসহ ১২ জনকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, পূর্ববিরোধের জের ধরে বুধবার সকালে সদর উপজেলার আটিয়াতলীতে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঙ্গে একই এলাকার দেলোয়ারের মারামারি হয়। এ সময় ফজলুর রহমান ও দেলোয়ার আহত হয়। পরে স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে দুপুরে হাসপাতালে ফজলুর রহমানকে দেখতে আসেন যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় সদর হাসপাতালে থাকা আহত দেলোয়ার হোসেনের ওপর হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা করে তারা। এ নিয়ে যুবলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে সদর থানার এসআই আবদুল আলিম ও গিয়াস উদ্দিন এবং পুলিশ কনস্টেবল নয়ন ও মেহেদী হাসান আহত হয়। এ সময় যুবলীগের আরও দু'জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ গিয়ে সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদর পূর্ব যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রুপম হাওলাদারসহ ৬ জনকে হাসপাতাল থেকে এবং জেলা যুবলীগের কার্যালয় থেকে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন ও যুবলীগ নেতা আজগর হোসেনসহ ৬ জনকে আটক করে।