কক্সবাজারে মাদক মামলায় দুই আসামির কারাদণ্ড

কারাদণ্ডকক্সবাজারে মোহাম্মদ মঞ্জুর (৩০) ও মো. শাহীন (২০) নামে মাদক মামলার দুই আসামিকে আলাদা মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন কক্সবাজারের যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিপি জানান, আসামি মঞ্জুর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর শাহিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার আবু তাহেরের ছেলে। তাকে ছয় বছরের কারাদণ্ড ও ছয় হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরিদুল আলম। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মঞ্জুরের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।