হায়েনাদের রুখতে হবে, না হলে পুরো দেশ সুবর্ণচর হয়ে যাবে: রব

বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব (ছবি– প্রতিনিধি)

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘হায়েনাদের আঘাতে এক বোনের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। দেশে আরও অনাচার হবে। তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। তা না হলে হায়েনাদের আঘাতে পুরো দেশ সুবর্ণচর হয়ে যাবে।’

শনিবার (৫ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘দেশে কোনও ভোট হয়নি। ভোটের নামে ডাকাতি হয়েছে। আওয়ামী লীগ এখন মানুষের ঘরবাড়ি সব দখল করে নেবে। কেউ বেঁচে থাকবে কিনা, সন্দেহ আছে।’

মতবিনিময় সভায় উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সত্য ও ন্যায়ের ওপর দাঁড়িয়ে আছি। আর আওয়ামী লীগ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। এবার দেশ রক্ষার জন্য ছুটতে হবে।’

তিনি বলেন, ‘৭১ সালে পাকবাহিনী এদেশের মানুষের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই কায়দায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়ে কেড়ে নিয়েছে এদেশের মানুষের অধিকার। সেদিন আমরা তাদের রুখে দিতে পারিনি।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শ্লোগান দিয়ে কিছু হবে না; যদি কাজই না করতে পারেন। আমরা কি এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না? আমরা আবার রুখে দাঁড়াবো। যে বোনকে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিশোধ নেবো।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা একা নন, সারাদেশের মানুষ আপনাদের পাশে আছে। আওয়ামী লীগ চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। আমাদের মুক্তির সংগ্রামে নামতে হবে। আর কত নির্যাতন সহ্য করবো? আর কত আমাদের ছেলেদের গুম হতে দেখবো? আর কতদিন খালেদা জিয়াকে জেলে রাখবো?’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘নির্যাতিতাকে দেখতে এসে বিএনপি কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখেছি। এ বিশৃঙ্খলা থাকলে একশ’ বছরেও ক্ষমতায় আসবেন না। আওয়ামী লীগ ভোট চুরি করেনি, করেছে পুলিশ। আল্লাহ এদের কাউকে ক্ষমা করবে না।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, শামসুল আলম, হারুনুর রশীদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।