ভুল চিকিৎসায় রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বাবা সাংবাদিক মো. রুবেল খান। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান।
রুবেল খান বলেন,‘আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। একটি মহল মামলা প্রত্যাহারের জন্য আমাকে হুমকি দিচ্ছে।’
এর আগে সার্কিট হাউসে রাইফার মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন রুবেল খান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
রুবেল খান বলেন, ‘আমার মেয়ে মেডিক্যাল মার্ডারের শিকার। আমি মেয়ে হত্যার ন্যায় বিচার চাই। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাহলে এদেশে ভুল চিকিৎসায় মৃত্যুর হার হ্রাস পাবে এবং চিকিৎসা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে।’
এসময় মেয়ে হত্যার ন্যায় বিচারের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব সাইফুল্লাহিল আজমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে।
সোমবার এই কমিটি চট্টগ্রাম আসে এবং মঙ্গলবার সকালে সার্কিট হাউসে রুবেল খান ও অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে কথা বলে। সকাল ১০টার দিকে সার্কিট হাউসে আসেন মো. রুবেল খান। একই সময় সার্কিট হাউসে উপস্থিত হন ম্যাক্স হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত আলীসহ অভিযুক্ত চিকিৎসকরা। দুপুর পৌনে ১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা সার্কিট হাউস থেকে বের হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক সাইফুল্লাহিল আজম বলেন, আমরা অভিযোগকারী ও অভিযুক্ত সবার সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করবো। তদন্ত শেষ করে শিগগির রিপোর্ট দেওয়া হবে।