ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আটকে আছে শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। গত তিনদিনের মতো আজও (বৃহস্পতিবার) দুপুর ১২ পর্যন্ত দাউদকান্দির আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জ ব্রিজ পর্যন্ত মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে এই যানজট সৃষ্টির কারণ গাড়ির ধীরগতি। আর এই ধীরগতির কারণ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতু এবং ধীরগতিতে টোল আদায়।
যাত্রীবাহী বাস রয়েল কোর্সের যাত্রী রফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমিরাবাদের থেকে যানজট শুরু হয়েছে। যানবাহন খুব ধীরগতিতে চলছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম জানান, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণাধীন কাজ এবং এলাকায় টোল আদায়ের কারণে যানবাহনের ধীরগতি বাড়ছে। যার ফলে সেতুর দুই পাশে যানজট অব্যাহত থাকলেও তা স্থায়ী হচ্ছে না। কুমিল্লার অংশ থেকে মুন্সিগঞ্জ অংশে যানজটের পরিবার বেশি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।