ভাসানচরে দুটি জাহাজ ডুবি, এক নাবিক নিখোঁজ

ভাসান চরভাসানচরে বৃহস্পতিবার পৃথকভাবে দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় জাহাজ ডুবির এ ঘটনা ঘটে। এ সময় এক নাবিক নিখোঁজ হয়েছেন। ভরা জোয়ার না থাকায় মাটিতে আটকা পড়ে জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম এ তথ্য নিশ্চিত করে জানান, একই দিন ভাসানচর এলাকায় আরও একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভরা জোয়ারে হাতিয়া চ্যানেল পার হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ‘খাজা বাবা ফরিদপুরী’ নামের জাহাজটি ওই নির্দেশনা না মেনে ভরা জোয়ার আসার আগেই রওনা দেয়। এ কারণে হাতিয়া চ্যানেলের ভাসানচর এলাকায় পৌঁছালে জাহাজটি আটকে যায়। পরে জোয়ার আসার পর জাহাজটি ডুবে যায়। এ সময় ওই জাহাজে থাকা এক নাবিক নিখোঁজ হন।’

ভাসান চর-৩

তিনি আরও বলেন, ‘ওই জাহাজে ১৩ জন নাবিক ছিল। এরমধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।’

এদিকে একই দিন ভাসানচর এলাকায় ‘এন ইসলাম’ নামে আরেকটি জাহাজ ডুবে গেছে।

মো. সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এন ইসলাম’ নামের ওই জাহাজের মালিক পক্ষ দাবি করেছেন, তাদের জাহাজটিকে সিটি-১৯ নামে আরেকটি জাহাজ ধাক্কা দিলে এন ইসলাম জাহাজের তলা ফুটো হয়ে যায়। এতে জাহাজটি ডুবে যায়। তবে ওই জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।