বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর প্রতিমন্ত্রী কক্সবাজার শহরের ঝাউতলায় গড়ে উঠা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষ করে কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। এসব প্রকল্পের অধিকাংশের কাজই শেষ পর্যায়ে। কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কমতি নেই। পর্যটনের স্বার্থে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিনিয়োগ বাড়াতে হবে।’
মো. মাহবুব আলী বলেন, ‘কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় ও পর্যটকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। এটি যেন মিনি সাগর। এখানে গভীর সাগর তলের নানা রহস্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও অজানা মাছ সম্পর্কে জানা যায়। মানুষ থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে সি-অ্যাকুরিয়াম অবলোকন করে। তবে এখন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড দেশের মানুষের সেই চাহিদা পূরণ করছে।’
এসময় প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান চৌধুরী, জিএম মোহাম্মদ নিজামুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশ্যানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।