সকালে নিখোঁজ, দুপুরে লাশ





ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াই বছর বয়সের ওই শিশুর নাম হালিমা আক্তার। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সকালে নিখোঁজ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেয়েটির বাবা রাজমিস্ত্রী আমির হোসেন।
শিশুটির মা খাদিজা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাদুঘর মুন্সিবাড়ী থেকে হালিমা নিখোঁজ হয়। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়েছে। দুপুরে স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান বাড়ি থেকে পাঁচশ গজ দূরে দুইটি ভবনের মাঝখানে হালিমার লাশ পড়ে আছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর আব্দুল হাই ডাব্লু জানান, সকালে মাইকিংয়ের মাধ্যমে শিশুটির নিখোঁজের খবর জেনেছি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই ভূইয়া পাড়ার দুটি ভববনের মাঝখান থেকে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।