সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাসহ উদ্ধার ৩২

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামী রোহিঙ্গাকক্সবাজারের টেকনাফে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও সিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন যাত্রী। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ।’ তিনি আরও বলেন, ‘যাত্রীরা কেন? কীভাবে ও কার মাধ্যমে সেখানে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফের বিজিবি সদর দফতরে ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’