জমি নিয়ে বিরোধ

কৃষককে পিটিয়ে ও গলাটিপে হত্যা

নোয়াখালীজমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালী সদরে আমিন উল্যাহ (৬০) নামে এক কৃষককে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (২ মার্চ) দুপুরে নেয়াজপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাজুল ইসলাম তাজু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে ইসহাক রাজু জানান, আমাদের বাড়ির তাজুল ইসলাম ও সেলিমদের মধ্যে দীর্ঘদিন জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে গেলে, প্রতিপক্ষ সেলিমের নেতৃত্বে দিদার, হৃদয়, মায়া, টিপু ও শিপনসহ কয়েকজন আমার বাবার ওপর হামলা চালায়। এসময় তারা বাবাকে মারধর করে এবং গলা চেপে ধরলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত বাবাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।