নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি’র ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।
মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএনপি নেতারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আসামিরা হলেন,‘পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইলিয়াছ শেকু, চান্দঁগাও থানা বিএনপি নেতা মশিউদৌলাহ জাহাঙ্গীর, চান্দঁগাও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, বায়েজিদ থানা যুবদল নেতা মো. শাহ আলম, বিএনপি নেতা নূরুল আলম ও মো. সিরাজ।’
ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, গত অক্টোবর মাসে নগরীর বায়েজিদ থানা ও নভেম্বর মাসে চান্দগাঁও থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নিম্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আমরা জামিনের বিরোধীতা করি। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও বলেন,‘দুটি থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর (৩) ধারা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়েছে।’