৬০০ পিস সোনার বারসহ গ্রেফতার দুইজন রিমান্ডে

রিমান্ড

 

চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে ৬০০ পিস সোনার বারসহ গ্রেফতার দুইজনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (০৪ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল্লাহ কায়সার এই আদেশ দেন।

জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় ওই থানার আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলো, চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার আজমপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলা ও পৌরসভার মোবারকপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।

ওসি ইফতেখার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১৫ দিনের রিমান্ড আবেদন করেছি। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে রবিবার দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে সোনার বারগুলো  চট্টগ্রাম নগরীর রেলস্টেশন থেকে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকার বাইতুল মোকাররম মসজিদ এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল বলে পুলিশ জানায়।