ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে পিটিয়ে হত্যা

কুমিল্লাকুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে সাজ্জাতুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সাজ্জাতুল কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামের প্রবাসী মো. শফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. ইউসুফ নগরীর চর্থা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মার্চ) দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে সাজ্জাতুলকে স্টাম্প দিয়ে আঘাত করে অভিযুক্ত ইউসুফ। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সাজ্জাতুলকে কুমিল্লা মেডিক্যালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠায়। শনিবার দিবাগত রাতে সাজ্জাতুল ঢাকার একটি হাসপাতালে মারা যান। রবিবার তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।

অভিযুক্ত ইউসুফের মামা মোশারফ হোসেন বলেন, ক্রিকেট খেলায় দ্বন্দ্বের একপর্যায়ে সাজ্জাতকে স্টাম্প দিয়ে আঘাত করে ইউসুফ।

কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ মিয়া জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ থানা ওসি মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’