কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

কুমিল্লাকুমিল্লার হোমনায় বিদ্যুতের তারে জড়িয়ে মো. সিয়াম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানায়, রবিবার সকালে সে শিম পাড়ার উদ্দেশে পাশের বাড়ির একটি টিনের ঘরের চালায় উঠে। এ সময় চালার পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যায়। স্বজনরা আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুব্রত দেব তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোমনা সার্কেল মো. সাইফুর রহমান আজাদ বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।