খাগড়াছড়িতে বৈসাবি উৎসব সামনে রেখে স্বণির্ভর বাজারসহ বন্ধ সব কয়টি হাঁট-বাজার চালু ও যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাজারগুলোর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। খাগড়াছড়ি-পানছড়ি সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ইউপিডিএফের (গণতান্ত্রিক) মুখপাত্র মিল্টন চাকমা জানান, পাহাড়ের বৈসাবি উৎসবে যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয়, সে জন্য হাঁট বাজার বন্ধ রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। প্রশাসন যদি পানছড়ি বাজার চালু করতে ব্যর্থ হয় তাহলে বৈসাবি’র পর আবারও হাট-বাজার বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে ধরে ২০১৮ সালের জুন মাস থেকে সংগঠনগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকার হাট-বাজার বন্ধ ও বর্জনসহ ব্যবসায়ী ও জনসাধারণকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের স্বণির্ভর বাজারসহ ৫টি হাট বাজার বন্ধ করে দিয়েছিল ইউপিডিএফ গণতান্ত্রিক দল।