নৌকা থেকে কর্ণফুলীতে ঝাঁপ, নিখোঁজ ৪

চট্টগ্রাম

কর্ণফুলী নদী পার হওয়ার সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নদীতে ঝাঁপ দিয়ে চারজন নিখোঁজ রয়েছেন। রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার জাহেদ চৌধুরী  এ তথ্য জানিয়েছেন।  এ ঘটনায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– ডাঙ্গারচরের বাসিন্দা মো. হানিফ ও মো. আকবর।

ঘটনাস্থলে থাকা জাহেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত নৌকা ১২ জন যাত্রী নিয়ে ১৩ নম্বর জেটিঘাট থেকে সল্টগোলা ঘাটের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়।  এসময় ভাটার টানে নৌকাটি ভাসতে ভাসতে বন্দর জেটি ও জাহাজের মাঝামাঝি স্থানে ঢুকে যাওয়ার সময় ভয়ে চারজন নদীতে লাফিয়ে পড়েন। তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজ চারজনকে উদ্ধারে নৌবাহিনী ও আমাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনপর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।’