ফেনীতে যুবলীগ নেতা হত্যায় যুবদলের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মামলা

ফেনীর সোনাগাজিতে যুবলীগ নেতাকে হত্যার অভিযোগে যুবদলের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিহতের শ্বশুর মো.মানু মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলার এজাহারে  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, তার চাচাতো ভাই আবদুল হালিম, খালাতো ভাই মো.আরিফ, চর ছান্দিয়া যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল কর্মী নুর নবী ও মো. জসিমকে আসামি করা হয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান হয়েছে। তারা সবাই পলাতক রয়েছে।’

সোনাগাজি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা ইমাম উদ্দিন (৪০)মারা যান। নিহত যুবলীগ নেতা উপজেলার উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝি বাড়ীর আবু তাহেরের ছেলে।

প্রসঙ্গে , পূর্ব শত্রুতার জের ধরে গত  ১ এপ্রিল বিকেলে যুবলীগ নেতা ইমাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় যুবদলের নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় ইমামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি  প্রাথমিক করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই আহত ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ইমাম উদ্দিনের মৃত্যু হয়।