বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

রাঙামাটিরাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম বিকাশ চাকমা। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮-এ।

উপজেলার সাজেক ইউনিয়নে ৫ম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত চিকিৎসাধীন আরো এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মঞ্জু বলেন, ‘উপজেলা নির্বাচনের দিনে সন্ত্রাসীদের গুলিতে আহত বিকাশ চাকমা নামে আরও একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। তার লাশ বাঘাইছড়িতে নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ উপজেলার সাজেক ইউনিয়নে পঞ্চম উপজেলা নির্বাচনের ভোটগ্রহণে দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সাতজন মারা যান। এ ঘটনায় আহত হন ৩০ জন।