সাভারে আবুল কাসেম (২২) নামে এক কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) রাত ১০টায় হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় কাসেমকে মারধর করেন তাদের সহকর্মীরা। এদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত আবুল কাসেম রংপুরের পীরগঞ্জের বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে। তিনি হেমায়েতপুরে হরিণধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। পদ্মার মোড় এলাকায় পৌঁছালে তার ওপর হামলা করে তার কয়েকজন সহকর্মী। এসময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাশের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’