বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপবন লেকের পানিতে ডুবে এক স্কুলছাত্র মারা গেছে। রবিবার (১৪ এপ্রিল) এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম দুলাল বড়ুয়া (১৭)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়ার ডাকভাঙ্গা এলাকার বিদু বড়ুয়ার ছেলে। সে কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে আজ (রবিবার) দুপুরে দুলাল কয়েকজন বন্ধুর সঙ্গে বেড়াতে আসে। উপবন লেকে তারা গোসল করতে নামলে দুলাল নিখোঁজ হয়। পরে কক্সবাজারের রামু থেকে দমকল বাহিনীর ডুবুরি দল এসে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুপুরে লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।