চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী বাজারের খালপাড় এলাকার এক বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম নগরীর নাথপাড়া এলাকা থেকে প্রথমে জীবন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে দুপুরে একই এলাকা থেকে দুর্জয় নামে আরেক জনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার এক আসামি সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান।
এর আগে গত ২১ এপ্রিল সন্ধ্যায় হালিশহরের ফইল্যাতলী বাজারের খালপাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পোড়া ও গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার জীবন (১৬) ও দুর্জয় (১৬) জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রমিকের কাজ করেন।
আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোড়া মরদেহ উদ্ধারের পর আমরা প্রযুক্তির মাধ্যমে আসামিদের সম্পর্কে খোঁজখবর করি। একপর্যায়ে জীবনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় শুক্রবার ভোরে নাথপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জীবন বিষয়টি স্বীকার করার পর তার দেওয়া তথ্যে দুপুরে একই এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, জীবন সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জীবন জানিয়েছে, পোড়া মরদেহটি দিলীপ (১৮) নামে তাদের এক সহকর্মীর। ঘটনার কয়েকদিন আগে দিলীপ জীবন ও দুর্জয়কে মারধর করে। এর প্রতিশোধ নিতে দিলীপকে পরিকল্পনা করে হত্যা করে তারা দুইজন। ১৮ এপ্রিল তারা দিলীপকে নাথপাড়া এলাকায় হত্যা করার পর ফইল্যাতলী খালপাড় এলাকার পরিত্যক্ত ওই বাড়িতে মরদেহ নিয়ে যায়। পরে সেখানে কেরোসিন দিয়ে মরেদহটি পুড়িয়ে দেয়। দিলীপের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির লক্ষ্মীছড়ি এলাকায়।