গরুবোঝাই নৌকায় ডাকাতদের হানা, গুলিবিদ্ধ দুই

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুবোঝাই নৌকায় ডাকাত দলের হানায় দুই গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম এন্তাজ মিয়া (৪২) ও ফুল মিয়া (৪৫)। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল চারটায় নবীনগর উপজেলার সাহেবনগর এবং নরসিংদী উপজেলার রায়পুরা উপজেলার শান্তিপুর এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত দু’জনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।



পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকজন ব্যবসায়ী তাদের গরু নিয়ে উপজেলার বাইশমৌজা বাজারে যান। দুপুরে অবিক্রিত কয়েকটি গরু নৌকায় করে ফেরার পথে মেঘনা নদীতে একদল ডাকাত সেখানে হানা দেয়। এ সময় গরু ব্যবসায়ীরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে এন্তাজ মিয়া ও ফুল মিয়া গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, ‘ঘটনার পরপরই ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’