‘বাংলাদেশ-ভারত রেললাইন বাস্তবায়ন হলে দু’দেশই লাভবান হবে’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইন্ডিয়ান হাইকমিশনার



বাংলাদেশ-ভারত রেললাইন বাস্তবায়ন হলে দুই দেশই লাভবান হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সিমান্তবর্তী শিবনগরে নির্মাণাধীন বাংলাদেশ-ভারত রেলপথ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেছেন,‘বাংলাদেশ-ভারত রেলওয়ে সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। রেলওয়ের কাজ দেখতে এসেছি। কারণ বাংলাদেশ ও ভারতের অনেক লোক স্থল পথে আসা যাওয়া করে। দুই দেশের ব্যবসা বাণিজ্যও বেশ ভালো হচ্ছে। সত্যিকার অর্থে এই রেলপথ দুই দেশের জন্য লাভবান হবে।’ 
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,‘রেললাইন বানানো এতোটা সহজ কাজ নয়। এর সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়টিও জড়িত আছে। দুই দেশের প্রকৌশলীরা রয়েছেন। তারা যথাসাধ্য ভালোভাবে নির্মাণ কাজ করে যাচ্ছেন।’ এই প্রজেক্ট দুই দেশের জন্য ভালো প্রজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মন্তব্য করেন।
রেলওয়ে প্রকল্প পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ-ভারত রেলওয়ে প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিমসহ দুই দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।