কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত এপ্রিল মাসে বিজিবির তৎপরতায় ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এই ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এসব তথ্য জানান।
মেজর শরীফুল ইসলাম জানান, গত এপ্রিল মাসে বিজিবি সদস্যরা সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ৭১ হাজার ৬৩৯ পিস ইয়াবা জব্দ করেছে। এই ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা। এই ইয়াবার ঘটনায় ২৫টি মামলায় ২০ জনকে আটক করা হয়েছে।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে ৩৩ লাখ ৭৯ হাজার ২৫ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় ১১টি মামলা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্তে তৎপর থাকায় পাচারের জন্য আনা কোটি কোটি টাকার বিয়ার, মদ, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি জানান, বিজিবি সদস্যরা নিরলস পরিশ্রম করে সীমান্ত পাহাড়া দিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে। বিশেষ করে মাদক, ইয়াবা ও মানব পাচার রোধে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে বিজিবি।
বিজিবিকে ইয়াবা ও মানব পাচারসহ নানা অপরাধের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি। সীমান্তে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করে যাচেছন বলে তিনি জানিয়েছেন।