ফেনীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

হাসান মোহাম্মদ রাশেদফেনীতে টাকা আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার সাবেক ক্যাশ ইনচার্জ হাসান মোহাম্মদ রাশেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৫ মে) রাতে জেলা শহরের মিজান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৪ মার্চ শহরের মিজান রোডের সোশ্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার দুই গ্রাহক লিখিতভাবে তাদের একাউন্ট থেকে ৭৭ লাখ ৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন। এ অভিযোগের পর শাখা ম্যানেজার রেহানা আক্তার হাসান দুদকে মোহাম্মদ রাশেদকে আসামি করে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘দুদকের একটি দল বিকালে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। এর আগে জানুয়ারি মাসে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার প্রবাসী শাহ আলামের অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ ও তার স্ত্রী রেজিয়া সুলতানার একাউন্ট থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ হয়েছে মর্মে লিখিত অভিযোগ করা হয়। পরে তাদের অভিযোগের পর প্রধান কার্যালয় থেকে একটি টিম এসে সামগ্রিক বিষয়টি তদন্ত করে যায়। দফায় দফায় তারা দুই গ্রাহক ও হাসান মোহাম্মদ রাশেদকে জিজ্ঞাসাবাদ করেন। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হোসেন আহমেদ রাসেল তার বাবার অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ হয়েছে বলে হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন।

সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাশেদ ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ক্যাশ ইনচার্জের দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর বদলি হওয়ার আগ পর্যন্ত তিনি এ শাখার জিবি ইনচার্জ ও ঋণ বিভাগের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই ব্যাংকের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট শাখায় কর্মরত ছিলেন।