চাটখিলে সড়ক ‍দুর্ঘটনায় নিহতদের ২ জনের পরিচয় মিলেছে

সড়ক দুর্ঘটনা

নোয়াখালীর চাটখিল উপজেলার সোনাপুর-রামগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। বুধবার (৮ মে) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।  ‍দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

নিহতদের মধ্যে দুইজনের লাশ শনাক্ত হয়েছে। তারা হলেন, বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুরের লেদু মিয়ার ছেলে জাফর আহম্মদ (৪০) ও সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে নূরুল আলম (৩৫)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ৩ জন যাত্রী নিহত এবং অনেকে আহত হয়েছেন।