ফেনীতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ টাকার ভারতীয় মাদক,বিভিন্ন ধরণের কসমেটিক্স ও খাদ্য সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে এগুলো উদ্ধার করা হয়।
ভারত থেকে বিভিন্ন প্রকার কসমেটিক্স ও খাদ্য সামগ্রী বাংলাদেশে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম ও ছাগলনাইয়া বিওপি’র টহল দল তা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৯শ’ ৭১ টাকা। মধুগ্রাম বিওপি ৭ হাজার টাকা মূল্যের ২ কেজি ভারতীয় গাজা উদ্ধার করেছে। ছাগলনাইয়া বিওপি ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও খাদ্য সামগ্রী জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৮শ’ ৯৫ টাকা।
অন্যদিকে সীমান্তবর্তী পরশুরামে বুধবার রাতে মজুমদারহাট বিওপির টহলদল বাউরপাথর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় হুইস্কি ও ৬ বোতল বিয়ার আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৪৬ হাজার ৫শ’ টাকা।
ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমসে জমা দেওয়া হয়েছে।