চট্টগ্রামে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকরব শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় এক যুবকের বিরুদ্ধে সন্ধ্যারানী (৭০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ মে)  রাত পৌনে ৮টার দিকে উত্তর কাট্টলী এলাকার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ঘাতক যুবক সত্যজিতকে (৩৫) আটক করা হয়েছে বলেও তিনি জানান।

নিহত সন্ধ্যারাণীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সময় সত্যজিত অস্বাভাবিক আচরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে সে তা নেশা করার কারণে নাকি অন্যকোনও কারণে করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যজিতের এলোপাতাড়ি দায়ের কোপে উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা সন্ধ্যারাণী নিহত হন। এসময় তাদের দায়ের কোপে আরও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যজিতকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে অস্বাভাবিক মনে হয়েছে। ঘাতক ও নিহত নারী দুইজনই কালীবাড়ি এলাকার বাসিন্দা।’

তিনি আরও বলেন, ‘মাদক সেবনের কারণে সত্যজিত অস্বাভাবিক আচরণ করেছেন নাকি অন্য কোনও কারণে এটি ঘটিয়েছেন তা পরীক্ষার জন্য আমরা তাকে হাসপাতালে প্রেরণ করেছি। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে জানা যাবে।’