সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ৬ নারীসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মে) রাত ১০টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভের বাহারছড়ার ডেইল পাড়া থেকে তাদের আটক করা হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘রবিবার রাতে উপকূলীয় এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাচ্ছে একদল রোহিঙ্গা –এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে বাহারছড়ার ডেইল পাড়া থেকে ৮ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে এসেছে। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য একটি চক্র তাদের ওই এলাকায় জড়ো করেছিল।’
আনোয়ার হোসেন জানান, আটক হওয়া রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল। কক্সবাজারের স্থানীয় মানব পাচারকারী চক্রটি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এজন্য তারা রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু বানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানব পাচারকারী চক্রটিকে ধরতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।’