কুমিল্লায় মাদক ও টাকাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও টাকাসহ ব্যবসায়ী গ্রেফতারকুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ ৩ লাখ ৩২ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ মে) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম এমদাদুল হক মারুফ (৩৭)। সে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ায় ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, মাদক বিক্রেতা এমদাদুল হক মারুফ নিজ বাড়িতেই মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করতো। এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ ওই ঘরে অভিযান চালায়। অভিযানে ছয় কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ এমদাদুল হক মারুফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো সে বিক্রয়ের জন্য রেখেছিল এবং জব্দ টাকাগুলো মাদক বিক্রির। মোবাইল ফোনের মাধ্যমে সে মাদকের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখতো।