হাইকোর্টের নির্দেশনার পরও বাজার থেকে প্রত্যাহার করা হয়নি নিম্নমানের ৫২টি পণ্য

ফেনী

হাইকোর্টের নির্দেশনা থাকার পরও ফেনীর বিভিন্ন হাট-বাজার থেকে প্রত্যাহার করা হয়নি নিম্নমানের ৫২টি পণ্য। অবৈধ পণ্য বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেস ক্রেতারা।

সোমবার সরেজমিন দেখা যায়, ফেনী শহরের বড়বাজার, রেলগেট পৌর হকার্ মার্কেট, সিও অফিস বাজার, পাঁচগাছিয়া বাজার, মহিপাল বাজারসহ শহরের বিভিন্ন বাজারের মুদি দোকানে বিক্রি হচ্ছে হাইকোর্টের নিষিদ্ধ করা ৫২টি পণ্য। বিশেষ করে নিষিদ্ধ মোল্লা সল্ট, ডুডুলস নুডুলস, সান কোম্পানির সরিষার তেলসহ একাধিক পণ্য বিক্রি হচ্ছে। একই অবস্থা জেলা ছয়টি উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে।

এদিকে অজ্ঞতার কারণে নিষিদ্ধ পণ্য কিনে ক্ষতির শঙ্কায় রয়েছেন সাধারণ ক্রেতারা। অপরদিকে নিষিদ্ধ পণ্যের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে তাদের মালামাল প্রত্যাহার না করায় আদালত ও বিএসটিআই’র অভিযান আতঙ্কে ভুগছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

রেলগেট পৌর হকার্ মার্কেটের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ‘কোম্পানিগুলো এসব নিষিদ্ধ পণ্য বাজারজাত অব্যাহত রেখেছে। ফেনীর বাজারগুলোতে ব্যবসায়ীদের কাছে কয়েকশ’ কোটি টাকার নিষিদ্ধ এই ৫২টি পণ্য এখনও মজুত আছে।’

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতা মোসফিকুর রহমান পিপুল বলেন, ‘৫২টি নিষিদ্ধ পণ্য বিক্রি বন্ধে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হোক। ব্যবসায়ী সমিতির নেতারা এতে সহযোগিতা করবেন।’

ফেনী জেলা প্রশাসক মো. ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় নিষিদ্ধ থাকায় নিম্নমানের ৫২টি পণ্য বিক্রি করা অপরাধ। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে ।’