অবশেষে ভাঙা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর সুপার মার্কেট

ব্রাহ্মণবাড়িয়া পৌর সুপার মার্কেট ভবনটি ভেঙে ফেলা হচ্ছে

অবশেষে ভাঙা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন কোর্ট রোডের পৌর সুপার মার্কেট ভবনটি। বৃহস্পতিবার সকাল থেকে ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর মার্কেট কমিটির পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করার কারণে এতোদিন মার্কেট ভাঙার কাজ স্থগিত ছিল। পরে মামলার রায় পৌরসভার পক্ষে যাওয়ায় মার্কেট ভাঙার কাজ শুরু হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে মার্কেটটি ভাঙা শুরু হয়। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরাও উপস্থিতি ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, এ মার্কেটে ছোট-বড় মিলিয়ে ১১৩টি দোকান রয়েছে। মার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারের অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে সেখানে ছয়তলা শপিং মল করার উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফা তাগিদ দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা দোকান না সরিয়ে পৌরসভার এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন।

মার্কেট সংস্কার কমিটির আহ্বায়ক এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মো. ফেরদৌস মিয়া জানান, মার্কেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। হাইকোর্ট ৯ মাস আগেই মার্কেটটি খালি করার রায় দিয়েছেন। পরে ব্যবসায়ীরা এমপির সঙ্গে কথা বলে ঈদের সাতদিন পর পর্যন্ত সময় নিয়েছিলেন। আজ সাতদিন শেষ হয়েছে। তাই মার্কেট ভাঙা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন, পৌরসভার সচিব আবুজর গিফারী, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও ২নং ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।