টেকনাফে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীর মৃত্যু

রোহিঙ্গা শিবির (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফে শালবন শিবিরে গুলিবিদ্ধ হওয়া রোহিঙ্গা নারী রহিমা খাতুন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবির পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রহিমা খাতুন টেকনাফের হ্নীলা শালবন রোহিঙ্গা শিবিরের এ-১ ব্লকের সালেহ আহাম্মদের স্ত্রী। শনিবার দুপুরে শালবন ২৬নং রোহিঙ্গা শিবিরে সশস্ত্র সন্ত্রাসীর গুলির ঘটনায় তিনি আহত হন।

টেকনাফ শালবাগান রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, অস্ত্রধারীদের গুলিতে আহত রহিমার লাশ শিবিরে আনা হচ্ছে। দুপুরে শিবিরের পাশে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে তিনি আহত হন। এ হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাই আমরা।

নয়াপাড়া রোহিঙ্গা শিবির পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘গুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’